অবলোক

ইনডোর প্ল্যান্ট বাঁচিয়ে রাখতে পাতার যেসব দাগ খেয়াল করবেন

পড়তে ৫ মিনিট
ইনডোর প্ল্যান্ট বাঁচিয়ে রাখতে পাতার যেসব দাগ খেয়াল করবেন

শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্ট এনে ঘর সাজালেন। প্রথম কয়েক দিন গাছও বেশ সতেজ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কোথাও বাদামি দাগ, কোথাও আবার পাতা শুকিয়ে ঝরে পড়ছে।

শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্ট এনে ঘর সাজালেন। প্রথম কয়েক দিন গাছও বেশ সতেজ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কোথাও বাদামি দাগ, কোথাও আবার পাতা শুকিয়ে ঝরে পড়ছে। ডালও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, অথচ নিয়ম করে পানি ও সার দেওয়া হচ্ছে। তাহলে সমস্যা কোথায়?

নতুন গাছপ্রেমীদের ক্ষেত্রে এমন পরিস্থিতি প্রায়ই দেখা যায়। অনেকেই গাছের পাতা হলুদ দেখলেই বেশি পানি দেন, আবার কেউ সঙ্গে সঙ্গে সার প্রয়োগ করেন। অথচ গাছের প্রতিটি পরিবর্তনের পেছনে আলাদা কারণ থাকতে পারে। মজার বিষয় হলো, গাছ কথা বলতে না পারলেও তার পাতাই যেন তার স্বাস্থ্যের খবর জানিয়ে দেয়।

পাতা হলুদ হলেই পানি দেবেন না

গাছের পাতার রং, আকৃতি ও গঠন খেয়াল করলেই অনেকটা বোঝা যায় তার কী প্রয়োজন। পাতা হলুদ হয়ে নরম ও নেতিয়ে পড়ছে, আর টবের মাটি যদি সব সময় ভেজা থাকে, তাহলে অতিরিক্ত পানি দেওয়াই সমস্যার কারণ হতে পারে।

ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে মাটি শুকানোর আগেই বারবার পানি দেওয়া ঠিক নয়। টবের ওপরের মাটি কিছুটা শুকিয়েছে কি না, তা দেখে তারপর পানি দেওয়া ভালো। একই সঙ্গে টবের নিচে পানি বের হওয়ার ব্যবস্থা বা ড্রেনেজ ঠিক আছে কি না, সেটিও খেয়াল করতে হবে।

পাতার কিনারা বাদামি হলে

পাতার কিনারা বাদামি হয়ে শুকিয়ে যাওয়া কিংবা পাতা ওপরের দিকে কুঁচকে যাওয়ার অন্যতম কারণ হতে পারে পানির ঘাটতি। বিশেষ করে গরমের সময়ে টবের মাটি দ্রুত শুকিয়ে গেলে এমনটা দেখা দিতে পারে।

এ ক্ষেত্রে শুধু ওপর থেকে অল্প পানি ছিটিয়ে দিলেই হবে না। মাটির ভেতর পর্যন্ত যেন পানি পৌঁছায়, সেভাবে গাছকে পানি দিতে হবে। তবে পানি দেওয়ার পর টবের নিচে অতিরিক্ত পানি জমে থাকছে কি না, সেটিও অবশ্যই দেখতে হবে।

হলুদ বা পোড়া দাগে সাবধান

পাতায় হঠাৎ হলুদ বা পোড়া ধরনের দাগ দেখা দিলে অতিরিক্ত সরাসরি রোদের কারণেও এমন হতে পারে। অনেক ইনডোর প্ল্যান্ট উজ্জ্বল আলো পছন্দ করলেও তীব্র সরাসরি সূর্যালোক সহ্য করতে পারে না।

তাই গাছটিকে একেবারে অন্ধকার জায়গায় সরিয়ে না দিয়ে এমন স্থানে রাখুন, যেখানে পর্যাপ্ত আলো আসে কিন্তু কড়া রোদ সরাসরি পাতায় পড়ে না। হঠাৎ পরিবেশ বদলে না দিয়ে ধীরে ধীরে আলো কমানো বা বাড়ানো ভালো।

গাছ বাড়ছে না, কারণ আলো কম?

গাছের পাতা যদি ধীরে ধীরে তার স্বাভাবিক উজ্জ্বল সবুজ রং হারাতে থাকে এবং নতুন পাতা বা ডালের বৃদ্ধি কমে যায়, তাহলে পর্যাপ্ত আলোর অভাবও কারণ হতে পারে।

এ ক্ষেত্রে গাছটিকে ধীরে ধীরে অপেক্ষাকৃত উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে পারেন। তবে দীর্ঘ সময় অন্ধকারে থাকা গাছকে হঠাৎ কয়েক ঘণ্টা তীব্র রোদে রাখবেন না। গাছের ধরন অনুযায়ী ধীরে ধীরে আলোর পরিমাণ বাড়ানোই নিরাপদ।

গাছের পাতাকে নিয়মিত দেখুন

ইনডোর প্ল্যান্টের যত্ন মানেই শুধু পানি, সার আর টব বদলানো নয়। প্রতিদিন বা এক দিন পরপর কয়েক মিনিট গাছের পাতা ও মাটি দেখে নেওয়াও জরুরি। পাতায় দাগ, বিবর্ণতা, কুঁচকে যাওয়া বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে শুরুতেই কারণ খুঁজে বের করুন।

সব সমস্যা পানির অভাবে হয় না, আবার সব হলুদ পাতার জন্য সারও প্রয়োজন হয় না। গাছের পাতার ভাষা বুঝতে পারলেই অনেক সময় বড় সমস্যা হওয়ার আগেই তার যত্ন নেওয়া সম্ভব।

সূত্র: হোমস অ্যান্ড গার্ডেনস, দ্য স্প্রুস