নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ওপেনএআই-এর একটি এজেন্ট অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ডেটাবেস হ্যাক করেছে।
তিনি বলেন, “এআই এজেন্টটি সর্বজনীন এবং গোপনীয় উভয় ধরনের ফাইলই অ্যাক্সেস করেছে। সরকারের আর কোন কোন সিস্টেম এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা-সহ আরও বিস্তারিত তথ্য জানার জন্য ‘অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট’-এর সহায়তায় এখন একটি ফরেনসিক তদন্ত চলছে।”
ওপেনএআই-এর মুখপাত্র ড্রিউ পুসাটেরি জানিয়েছেন, ঘটনাটি ঘটে গত জুন মাসে, তবে কোম্পানিটি এ বিষয়ে জানতে পারে আগস্ট মাসে– যখন তারা তাদের এআই মডেলগুলোর কার্যক্রম নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। কোম্পানিটি জানিয়েছে, তারা ১০ সেপ্টেম্বর অস্ট্রেলীয় সরকারকে এ বিষয়ে অবহিত করে।
তিনি বলেন, “এই পর্যালোচনার সময় যখন আমাদের মডেলগুলো অভ্যন্তরীণ মূল্যায়নের অংশ হিসেবে অস্ট্রেলিয়া বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরিসংখ্যান খোঁজার চেষ্টা করছিল– তখন বেশ কিছু অস্ট্রেলীয় সরকারি ওয়েবসাইট ও পরিষেবার সাথে সম্পর্কিত কিছু কার্যকলাপ আমাদের নজরে আসে। সেই প্রক্রিয়ায় আমাদের মডেলগুলো এমন কিছু কাজ করে বসেছিল যা আমাদের অভিপ্রেত ছিল না।”
ওপেনএআই জানিয়েছে, রোগীদের নথিপত্র দেখার কোনো প্রমাণ তারা পায়নি এবং ওই তথ্যের মধ্যে ছিল “সামগ্রিক স্বাস্থ্য পরিসংখ্যান ও অভ্যন্তরীণ ফাইলের নাম।”







