পরিবহন খরচ বাড়ার সরাসরি প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই কারণে বেড়েছে মাছের দামও। উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে ডিমের বাজার। তবে কমেছে মুরগির দাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ১২০ টাকা, করলা ৯০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা এবং আলু ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজি আড়তে আনতে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে। সেই বাড়তি খরচের প্রভাবই পড়ছে খুচরা বাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
এদিকে ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। দাম রয়েছে আগের মতোই বাড়তি পর্যায়ে। বাজারে লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা ডজন।
অন্যদিকে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালী মুরগি ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে সোনালী ও লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা করে কমেছে।
তবে মাছের বাজারে উল্টো চিত্র। পরিবহন খরচ বাড়ায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। বর্তমানে রুই মাছ ৩২০ থেকে ৩৪০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৫০ টাকা, পাঙাস ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা এবং কৈ মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বাড়ায় শুধু সবজি নয়, মাছ বাজারজাত করতেও বাড়তি খরচ হচ্ছে। ফলে এর প্রভাব পড়েছে মাছের দামেও। আর ক্রেতারা বলছেন, মুরগির দাম কিছুটা কমলেও সবজি ও মাছের দাম বাড়ায় বাজার খরচ বেড়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে।







