বাংলাদেশে ইলিশ বাণিজ্যে এবার দেখা দিয়েছে ভিন্ন চিত্র। প্রথমবারের মতো ভারতের গুজরাট থেকে ইলিশের চালান পৌঁছেছে বাংলাদেশে। তবে স্থানীয় বাজারের চাহিদা মেটাতে নয়, মূলত ইলিশের ডিম সংগ্রহের জন্যই এসব মাছ আমদানি করা হচ্ছে বলে দাবি ভারতীয় ব্যবসায়ীদের।
দুর্গাপূজার আগে পদ্মার ইলিশের জন্য যখন পশ্চিমবঙ্গে অপেক্ষা, তখন বাংলাদেশে ইলিশ বাণিজ্যের আরেক চিত্র সামনে এসেছে। এবারই প্রথম ভারতের গুজরাট থেকে ইলিশের চালান পৌঁছেছে বাংলাদেশে।
গুজরাটের ইলিশের পেটভর্তি ডিমই এর মূল আকর্ষণ। বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত সেই ডিম সংগ্রহ করে বিদেশে রফতানির উদ্দেশ্যে ভারতীয় ইলিশ আমদানি করছেন।
পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, চট্টগ্রামে এসব মাছ ভালো চলছে। কারণ, সেখানকার মাছ রফতানিকারক প্রতিষ্ঠানগুলো মাছ থেকে ডিম সংগ্রহ করে রফতানি করে। পরে অবশিষ্ট মাছ নোনা মাছ হিসেবে ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, কলকাতায় যেসব ডিমওয়ালা মাছ কম দামে বিক্রি হতো, গত দুই মাসে সেগুলো বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রায় ৫০০ মেট্রিক টন মাছ পাঠানো হয়েছে।
একদিকে পূজার আগে পদ্মার ইলিশের আশায় পশ্চিমবঙ্গের বাজার। অন্যদিকে বিদেশে রফতানির জন্য ইলিশের ডিম সংগ্রহে বাংলাদেশে যাচ্ছে গুজরাটের ইলিশ। দুই দেশের ইলিশ বাণিজ্যে তৈরি হয়েছে নতুন স্রোত।







